তিতুমীর কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, ২ যুবক আটক

তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, ২ যুবক আটক
তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে বনানী থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে পাশের ফুটওভার ব্রিজ থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আটক দুই যুবকের নাম হৃদয় ও সুমন। ঘটনার পর কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সন্দেহজনক গতিবিধির কারণে আটক করেন। পরে বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক হৃদয় ও সুমন দাবি করেন, তারা কলেজের সামনের ফুটওভার ব্রিজে অবস্থান করছিলেন। কাজের সন্ধানে সম্প্রতি মহাখালী এলাকায় এসেছেন তারা। ককটেল বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আটক দুজনকে প্রাথমিকভাবে থানায় নেওয়া হচ্ছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হবে।

কলেজ শাখা ছাত্রদলের নেতা নোবেল আহমেদ সূর্য জানান, নাশকতার আশঙ্কায় প্রায় শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এ সময় কলেজের প্রধান ফটকের বাতি বন্ধ থাকা অবস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পাশের ফুটওভার ব্রিজে অবস্থানরত দুই যুবককে সন্দেহ হলে তাদের আটক করা হয়। তাদের মুঠোফোনে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের এক নেতার নম্বর পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে বিস্ফোরণের ঘটনার পর কলেজের প্রধান ফটকের সামনে প্রতিবাদী মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘দুর্বৃত্তদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

/এমআর/