ইউরোপজুড়ে আবারও বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটে বিশৃঙ্খলা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইউরোপজুড়ে আবারও বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটে বিশৃঙ্খলা
ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি পেয়েছে বিভিন্ন বিমান সংস্থা

ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি পেয়েছে বিভিন্ন বিমান সংস্থা। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভুয়া গুজবের কারণে পুরো ইউরোপের বিমান যোগাযোগ ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মহাদেশটির আকাশে থাকা বিভিন্ন বিমানে একের পর এক ভিত্তিহীন খবরের জেরে বেশ কয়েকটি ফ্লাইটের জরুরি অবতরণ ও নিরাপত্তা তল্লাশি চালাতে হয়। তবে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এসব ঘটনার মূল উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

এখনো পর্যন্ত এ সপ্তাহে আসা হুমকিগুলোর মধ্যে কোনো সরাসরি যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি এবং কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। এমনকি ইউরোপের কোনো ফ্লাইটে সত্যি সত্যি কোনো বিস্ফোরক পাওয়ার খবরও মেলেনি। যুক্তরাজ্য সরকার মঙ্গলবার (৩ নভেম্বর) তাদের দেশ থেকে ছেড়ে যাওয়া বিমানগুলোকে কেন্দ্র করে আসা এসব হুমকিকে বিদ্বেষপূর্ণ ভুয়া হুমকি হিসেবে বর্ণনা করেছে। সাধারণত বোমা হামলার হুমকি বলতে এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কেউ কোনো বস্তু রাখা বা তথ্য ছড়ানোর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে যে কোনো স্থানে বিস্ফোরণ ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এ হুমকিগুলো শুধুই ভীতি ও বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যে তৈরি ভুয়া খবর হলেও, বিমান সুরক্ষার স্বার্থে কোনোটিকেই অবহেলা না করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। উল্লেখ্য, যুক্তরাজ্যে বোমা হামলার গুজব ছড়ানোর অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন করে একাধিক ঘটনার খবর সামনে এসেছে। মিলানের মালপেনসা বিমানবন্দরগামী দুটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে দুটি ফ্লাইটই শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ইউরোপের আকাশসীমায় একের পর এক বিমানে এ ধরণের তথ্য আসছে। এখন পর্যন্ত ১০টিরও বেশি ফ্লাইট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে কিছু বিমান পথ বদলে অন্য জায়গায় জরুরি অবতরণ করেছে।

ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের ফ্লাইট EI402 বৃহস্পতিবার নিরাপত্তার খাতিরে পথ পরিবর্তন করে প্যারিসের ১০০ কিলোমিটার পশ্চিমে এভ্রো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। একইভাবে পোল্যান্ডের LOT এয়ারলাইন্সের একটি বিমান ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলেও তল্লাশি চালিয়ে সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ফিনএয়ার জানিয়েছে, তাদের দুটি ফ্লাইট- হেলসিঙ্কি থেকে রোমগামী AY1761 এবং হেলসিঙ্কি থেকে ভিয়েনাগামী AY1471 ভুয়া বোমাতঙ্কের মুখে পড়ে। এ ছাড়া প্রাগ বিমানবন্দরে চারটি অজ্ঞাত বিমান অবতরণ করে এবং বুলগেরিয়ার কর্মকর্তারা জানান লন্ডন থেকে আসা একটি ফ্লাইট প্লোভদিভে অবতরণসহ মোট তিনটি বিমান জরুরি অবতরণে বাধ্য হয়। অবশ্য কোনো বিমান থেকেই কোনো রকম বিস্ফোরক মেলেনি।

সপ্তাহের শুরুতেই একাধিক ভুয়া খবরের ধাক্কায় বিমান চলাচলে এ বিশৃঙ্খলার সূত্রপাত হয়েছিল। মঙ্গলবার অন্তত সাতটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় সেগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় এবং পোল্যান্ডের ওয়ারশ-মডলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। লিসবন, ডাবলিন, ম্যানচেস্টার, কোপেনহেগেন, ইসরায়েল, বারগামো ও লন্ডনের ফ্লাইটগুলো এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শত শত যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এর আগে সোমবার লন্ডন লুটন থেকে বুলগেরিয়াগামী উইজ এয়ারের একটি বিমান মাঝ-আকাশে হুমকি পাওয়ার পর বুদাপেস্টে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

সূত্র: ইয়াহু নিউজ

/এমএকে/