ইউক্রেনজুড়ে রাতভর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউক্রেনজুড়ে রাতভর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১
রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া গাড়ির গ্যারেজ

রাতভর ইউক্রেনজুড়ে চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) কিয়েভ ও মস্কো পাল্টাপাল্টি দোষারোপ করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এমনটি জানিয়েছে কিয়েভ নগর সামরিক প্রশাসন। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাতের আঁধারে চালানো হামলায় রাজধানীর দুটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের গোলাবর্ষণে দুজন নিহত হয়েছেন। পোডিলস্কি জেলায় একটি ক্ষেপণাস্ত্র অনাবাসিক ভবনে আঘাত হানে এবং ভবনটিতে আগুন লেগে যায়। কিয়েভের দারনিতস্কি এলাকার একটি গ্যারেজ সমবায় সংস্থাতেও ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি এড়ানো যায়নি। এছাড়া আলাদা একটি স্থানে খোলা জায়গাতে ধ্বংসাবশেষ পড়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর বাইরে অন্য অঞ্চলগুলোতেও ক্ষয়ক্ষতির চিত্র বেশ ভয়াবহ। চেরনিহিভের প্রিলুকি শহরে একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে কমপক্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ চাউস। পোলতাভা অঞ্চলে প্রাণ গেছে আরও দুজনের, আহত অন্তত সাতজন। অন্যদিকে দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি শিল্প প্রতিষ্ঠান, অ্যাপার্টমেন্ট ভবন এবং স্পোর্টস ক্লাবে হামলা চললে দুজন আহত হন। সব মিলিয়ে এ হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১১ জনে।

পুরো ঘটনাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জন্মদিনের উপহার আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট তিনি বলেন, মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল আমাদের জ্বালানি অবকাঠামো। এটি ছিল অন্যতম জঘন্যতম হামলা। হামলায় ব্যালিস্টিক এবং শাহেদসহ মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ছিল। দুর্ভাগ্যবশত, সেগুলোর মধ্যে মাত্র কয়েকটি ভূপাতিত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এ হুমকি মোকাবিলায় কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এখন অস্তিত্বের প্রশ্ন। এছাড়া কিরোভোহরাদ অঞ্চলের ওলেক্সান্দ্রিয়া শহরেও এ হামলায় আরও দুজন মারা গেছেন বলে উল্লেখ করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। কিয়েভ, চেরনিহিভ, কিরোভোহরাদ, দনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, খারকিভ এবং ওডেসা অঞ্চলের ইউক্রেনীয় সামরিক ঘাঁটি ও শিল্প প্রতিষ্ঠানে নিখুঁত নিশানায় আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়টি। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের ৩১১টি ড্রোন ধ্বংস করেছে মস্কো। এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, তারা রাতভর রাশিয়ার ছোড়া ১৩০টি ড্রোনের মধ্যে ১১৭টি এবং ৪৪টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই ধ্বংস করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/