ইউক্রেনের সাহায্য কেন্দ্রে রুশ হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩৭

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইউক্রেনের সাহায্য কেন্দ্রে রুশ হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩৭
হামলার পর কাজ করছেন উদ্ধারকর্মীরা

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা এলাকায় একটি সহায়তা কেন্দ্রে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। ইউক্রেন কর্তৃপক্ষ বুধবার (৪ নভেম্বর) জানায়, সোমবারের (২ নভেম্বর) এ প্রাণঘাতী হামলার পর টানা তৃতীয় দিনের মতো ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি সেবার কর্মীরা।

ইউক্রেনের জাতীয় পুলিশের আঞ্চলিক অধিদপ্তর টেলিগ্রামে পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছে, কোমিশুভাখার যে ভবনে হামলাটি হয়েছে, সেখানে উদ্ধারকারীরা অবিরাম কাজ করছেন। অধিদপ্তর জানায়, ধ্বংসস্তূপ থেকে ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমানে ৫৯ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধার হওয়া নিহতদের কয়েকজন হয়তো নিখোঁজের তালিকায় থাকতে পারেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৩৮ জন আটকা থাকতে পারেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া কয়েকটি মরদেহ এতটাই ক্ষতিগ্রস্ত যে খালি চোখে চেনার উপায় নেই। ফলে লাশের পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞদের দল স্বজনদের সঙ্গে মেলাতে জৈবিক নমুনা সংগ্রহ করে ডিএনএ প্রোফাইলিংয়ের কাজ করছেন।

হামলার বিবরণ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কোমিশুভাখার একটি স্কুলকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছিল, যেটিকে মূলত স্থানীয় মানুষের জন্য মানবিক সহায়তা বিতরণের কাজ ও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, প্রথম বিমান হামলার পর আরও নয়টি বোমা দিয়ে হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল বিশেষভাবে সেই আশ্রয়কেন্দ্রটি যেখানে মানুষ আশ্রয় নিয়েছিল।

এ ভয়াবহ হামলার বিষয়ে রাশিয়া সরকারের তরফ থেকে এখনো সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য আসেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/