সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
প্রতীকী ছবি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ২০০ শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, শ্রমিকদের ঘিরে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সংখ্যাই বেশি। হেমায়েতপুরে শুরুতে তারাই পোশাক কারখানায় হামলা চালান। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। প্রকৃত শ্রমিকরা আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

এর আগে, এদিন সকালে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

/এসবি/