ডেমোক্র্যাটদের ঠেকাতে মি. ভেটো হয়ে ওঠার হুঁশিয়ারি ট্রাম্পের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ডেমোক্র্যাটদের ঠেকাতে মি. ভেটো হয়ে ওঠার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ায় বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দমে যাওয়ার পাত্র নন তিনি। ডেমোক্র্যাটদের মোকাবিলা করতে নিজের ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাত্র এক শব্দে ‘VETO’ লিখে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, ডেমোক্র্যাটদের পাস করা যেকোনো বিল আটকে দিতে একচুলও ছাড় দেবেন না তিনি।

নির্বাচনের আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমার কাছে সর্বোচ্চ ক্ষমতা আছে, যাকে বলে ভেটো। অন্যথায় আমি সবকিছুতেই ভেটো দেব এবং তারা সেটা নিশ্চয়ই চাইবে না। সংবাদমাধ্যমটি তাকে ‘মি. ভেটো’ ডাকনাম দিলে তিনি তা বেশ হাসিমুখেই লুফে নেন। ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ভেটোকে প্রেসিডেন্টের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, তারা পাগলাটে সব প্রস্তাব পাঠাবে আর আমি সেগুলোতে ভেটো দেব।

মার্কিন সংবিধানের অনুচ্ছেদ ১, ধারা ৭ অনুযায়ী প্রেসিডেন্টকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করতে পারেন প্রেসিডেন্ট, আবার আপত্তি থাকলে তা কংগ্রেসে ফেরতও পাঠাতে পারেন। তবে শর্ত হলো, পুরো বিলের ওপরই ভেটো দিতে হয়, বিলের কোনো অংশবিশেষ কাটছাঁট করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। অবশ্য কংগ্রেস চাইলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (প্রতিনিধি পরিষদে ২৯০ এবং সিনেটে ৬৭ ভোট) দিয়ে প্রেসিডেন্টের ভেটো বাতিল করতে পারে। কিন্তু ডেমোক্র্যাটদের একচ্ছত্র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভেটো ভাঙতে হলে তাদের বড় অঙ্কের রিপাবলিকান আইনপ্রণেতার সমর্থন লাগবে। আর মার্কিন ইতিহাসে প্রেসিডেন্টের ভেটো কংগ্রেসের ভোটে উল্টে যাওয়ার ঘটনা বেশ বিরল।

সূত্র: এনডিটিভি

/এমএকে/