শিরোনাম

ইতালির উপকূলে ৩২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, নিখোঁজ ৭১

সিটিজেন ডেস্ক
ইতালির উপকূলে ৩২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, নিখোঁজ ৭১
মধ্য ভূমধ্যসাগরের অনুসন্ধান ও উদ্ধার অভিযান। ছবি: রয়টার্স

ইতালির উপকূলে লিবিয়া থেকে ইউরোপগামী একটি অভিবাসীবাহী নৌকা থেকে ৩২ জনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করেছে দুটি বাণিজ্যিক জাহাজ। সি-ওয়াচ এবং মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানস নামের দুটি উদ্ধারকারী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, অন্তত ৭১ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে নিখোঁজ হয়েছেন।

উদ্ধারকৃতদের বক্তব্য অনুযায়ী, নৌকাটিতে মোট ১০৫ জন যাত্রী ছিল। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ও মরদেহগুলো ইতালীয় কোস্টগার্ডের টহল নৌযানে করে ল্যাম্পেদুসা দ্বীপে স্থানান্তর করা হয়েছে।

সি-ওয়াচ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উত্তাল সমুদ্রে একটি উল্টে যাওয়া নৌকায় একদল মানুষ কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কোস্টগার্ড এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আইওএমের তথ্যমতে, চলতি বছর প্রতিকূল আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে মধ্য ভূমধ্যসাগরে প্রাণহানির সংখ্যা অন্তত ৬৮৩ জনে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/