যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে বিস্ফোরকসহ গ্রেপ্তার ৫

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে বিস্ফোরকসহ গ্রেপ্তার ৫
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে হঠাৎ করেই বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় পুলিশ এ পরিস্থিতিকে ‘বড় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে এবং জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে বিমানঘাঁটির দিকে যাওয়া তিনটি সন্দেহজনক গাড়ি নিয়ে পুলিশের কাছে তথ্য আসে। এর পরপরই সশস্ত্র পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে উইলফোর্ড এলাকা থেকে পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইন ভাঙা ও সন্ত্রাসী হামলার প্রস্তুতির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ওই এলাকায় ৪০০ মিটারের একটি কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল বিশেষজ্ঞরা গাড়িগুলো পরীক্ষা করছেন। বাড়তি সতর্কতা হিসেবে আশপাশের প্রায় ৮৫টি পরিবারের বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তের মূল দায়িত্ব পড়েছে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশের ওপর। পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তবে তদন্ত যেহেতু একেবারে শুরুতেই আছে, তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি মার্কিন বিমানবাহিনীর কাছে খুবই কৌশলগত গুরুত্বপূর্ন একটি জায়গা। বিশেষ করে ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকে মার্কিন সেনারা এ ঘাঁটিটি নিয়মিত ব্যবহার করে আসছে। তবে এ পাঁচজনকে আটকের ঘটনার সঙ্গে বিমানঘাঁটির কোনো প্রত্যক্ষ যোগসূত্র আছে কি না, সে বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/