ইউক্রেনে রাতভর ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার, শিশুসহ নিহত ৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউক্রেনে রাতভর ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার, শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলার পর ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাতভর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় তিন শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। আকস্মিক এ হামলায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আঞ্চলিক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে এক নারী ও তার দুই ও তিন বছর বয়সী শিশুসন্তানও রয়েছে।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, একটি আবাসিক বাড়িতে হঠাৎ করেই রুশ ড্রোন আঘাত হানলে ঘটনাস্থলেই ওই মা ও তার দুই শিশুসন্তান মারা যান। এদিকে কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, পৃথক আরেকটি ড্রোন হামলায় গুরুতর আহত এক কিশোরী পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একটানা একদিনের বেশি সময় ধরে এ হামলা অব্যাহত ছিল।

তিনি আরও জানান, রুশ এ আগ্রাসনের ফলে কিয়েভ অঞ্চলের পাঁচটি জেলার মোট ৩১টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফাস্তিভ জেলায়, যেখানে ২৪টি স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার তালিকায় রয়েছে সাধারণ বসতবাড়ি, শিল্প ও ইউটিলিটি কারখানা, একটি কৃষি প্রতিষ্ঠানের কার্যালয় এবং বিভিন্ন ধরনের যানবাহন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি খাতের ওপর হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের অভিযোগ, দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিতেই এ কৌশল বেছে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত কয়েক মাসে দেশটির শহরাঞ্চল ও তার আশপাশের প্রায় ৩০০টি তেলের পাম্প ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

সূত্র: রয়টার্স

/এমএকে/