শিরোনাম

ইরানে পরপর দুটি বিস্ফোরণে নিহত পাঁচজন

ইরানে পরপর দুটি বিস্ফোরণে নিহত পাঁচজন
বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ দুটি গাড়ি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই ইরানে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে এসব বিস্ফোরণ ঘটে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

হঠাৎ করে দুই শহরে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম বিস্ফোরণটি ঘটে ইরানের উপসাগরীয় উপকূলবর্তী শহর বন্দর আব্বাসে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আটতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি তলা, বেশ কয়েকটি গাড়ি ও আশপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক নৌ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইরানের বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম এই দাবি নাকচ করে দেয়।

এর কিছু সময় পর তেহরান টাইমস দ্বিতীয় বিস্ফোরণের খবর জানায়। ইরাক সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি আবাসিক ভবনে এই বিস্ফোরণ ঘটে। এতে চারজন নিহত হন।

দুটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা পৌঁছান। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও পরে কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজের কারণে এই দুটি বিস্ফোরণ ঘটেছে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে রাজি আছে এবং দেশটি একটি গ্রহণযোগ্য প্রস্তাব দেবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের বড় ও শক্তিশালী একটি নৌবহর এগিয়ে যাচ্ছে।

/এসএ/