শিরোনাম

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় সরকার। সম্প্রতি চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহ এবং দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। এরপর দেশের বেসামরিক বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বিমানমন্ত্রী বলেন, বর্তমান সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল যথাসময়ে উদ্বোধন করতে বদ্ধপরিকর। তাই যত দ্রুত সম্ভব অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু করা জরুরি। এরইমধ্যে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের জমা দেওয়া প্রস্তাবের টেকনো-ফিনান্সিয়াল মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে নেগশিয়েশন শুরু হবে। থার্ড টার্মিনালের সফল পরিচালনার জন্য ‘লেটার অব অ্যাসুরেন্স’ নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে। আশা করি দ্রুতসব প্রক্রিয়া শেষ করতে পারবো।

মন্ত্রী জানান, দেশে পাঁচশর বেশি হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে যা উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। তা ছাড়া বুদ্ধিস্ট ট্যুরিজম উন্নয়নে জাপানের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করতে চায় সরকার। জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাংলাদেশে পর্যটন খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ নিতে কাজ করছে সরকার।

এসময় মন্ত্রী হেরিটেজ ট্যুরিজম উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করেন।

রাষ্ট্রদূত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে কাজ করতে জাপানের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

/এফসি/