শিরোনাম

নৈশভোজে হামলাকারী সম্ভবত মানসিকভাবে অসুস্থ: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
নৈশভোজে হামলাকারী সম্ভবত মানসিকভাবে অসুস্থ: ট্রাম্প
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বন্দুক হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বলে অভিহিত করেছেন ট্রাম্প।

হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ৩১ বছর বয়সী অ্যালেন আগে একজন বিশ্বাসী খ্রিস্টান থাকলেও পরবর্তীতে তিনি খ্রিস্টানবিরোধী হয়ে ওঠেন এবং তার মধ্যে ব্যাপক পরিবর্তন আসে। গত শনিবার (২৫ এপ্রিল) রাতে ট্রাম্প ও মেলানিয়া যখন মঞ্চে অবস্থান করছিলেন, তখনই হঠাৎ গুলির শব্দে সেখানে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক তৈরি হয়। প্রায় ২ হাজার ৬০০ আমন্ত্রিত অতিথি প্রাণভয়ে টেবিলের নিচে আশ্রয় নেন এবং দ্রুততম সময়ে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে মঞ্চ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা অন্তত সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন, তবে এ ঘটনায় প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন। ক্যালিফোর্নিয়ার সি-টু প্রতিষ্ঠানের সাবেক এ শিক্ষক ২০২৪ সালে সেরা শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টোড ব্লাঞ্চ জানিয়েছেন, অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে এসে হামলার আগের দিন এই হোটেলে অবস্থান নেন। পুলিশ তার হোটেল কক্ষ থেকে একটি লিখিত ইশতেহার উদ্ধার করেছে, যেখানে তিনি নিজেকে বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক দাবি করে ট্রাম্প প্রশাসনের নীতিমালার শিকার ব্যক্তিদের রক্ষা করতে কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। অবৈধ অস্ত্র বহন ও কর্মকর্তাদের হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত অ্যালেনকে সোমবার (২৭ এপ্রিল) আদালতে তোলা হবে।

সূত্র: রয়টার্স

/এমএকে/