শিরোনাম

বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন-রকেট হামলা

সিটিজেন ডেস্ক
বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন-রকেট হামলা
মঙ্গলবার গভীর রাতে বাগদাদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের কাছে এ ধোঁয়া দেখা যায়। ছবি: এএফপি

ইরাকের রাজধানী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ের মধ্যে দূতাবাসটিতে এটিই সবচেয়ে বড় ও তীব্র হামলার ঘটনা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়ে। একই সময় ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোন মাঝপথে ভূপাতিত করে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দূতাবাস এলাকায় বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। হামলার সময় বাগদাদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইরান-সংক্রান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী আক্রমণ। হামলায় অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

এদিকে রয়টার্স আরও জানিয়েছে, বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও দুটি বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসএ/