শিরোনাম

কুয়েতে বিমানবন্দরে হামলার পর ভয়াবহ আগুন

সিটিজেন ডেস্ক
কুয়েতে বিমানবন্দরে হামলার পর ভয়াবহ আগুন
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির জ্বালানি ট্যাঙ্কার রাখা অংশে বিশাল আগুন লেগেছে। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় কুয়েত কর্তৃপক্ষ।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেছেন, ‘কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নির্লজ্জ ড্রোন হামলা চালিয়েছে। এতে টার্গেট করা হয়েছে একটি জ্বালানি ট্যাঙ্কার। হামলার কারণে এতে বিশাল আগুন লেগছে।’

তিনি আরও বলেন, ‘জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে সেখানে রয়েছেন। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো মানুষ আহত হননি।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আগ্রাসনমূলক যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

এর মধ্যে সামরিক স্থাপনাসহ দেশগুলোর বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরানের অভিযোগ নিজেদের বিমানবন্দরগুলোকে যুক্তরাষ্ট্রকে সামরিক কাজে ব্যবহার করতে দিচ্ছে আরব দেশগুলো।

কুয়েতের পাশাপাশি বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের আগ্রাসনের কারণে একটি কোম্পানির অবকাঠামোতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।’

তবে কোন কোম্পানিকে ইরান টার্গেট করেছে সেটি উল্লেখ করেনি মানামা।

গতকাল ইরান ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন কোম্পানিগুলো লক্ষ্য করে তারা হামলা চালাবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/