শিরোনাম

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমানে আগুন

সিটিজেন ডেস্ক
ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমানে আগুন
এই ছবিটি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টরি বেস’-এর বলে উল্লেখ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে সোমবার (৩০ মার্চ) ভোরের দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে এগুলো ড্রোন হামলা মনে করা হলেও পরে জানা যায়, শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মার্কিন ‘ভিক্টরি বেস’ লক্ষ্য করে ছোড়া রকেটের বিস্ফোরণ ছিল এগুলো।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। এর মধ্যে একটি রকেট যুক্তরাষ্ট্র-ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের একটি ‘এ৩২০বি’ পরিবহন উড়োজাহাজে আঘাত হানলে সেটিতে আগুন ধরে যায়।

এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কারণ, ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির সময় ভিক্টরি ঘাঁটিকে সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো। বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা নেই; আগেই তারা ঘাঁটিটি খালি করে চলে গেছে।

হামলার পর রাতভর বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে।

তুরস্কভিত্তিক গণমাধ্যম তুর্কি টুডে জানিয়েছে, ভিক্টরি বেসে একটি ড্রোন আঘাত হেনেছে বলেও ইরাকি নিরাপত্তা সূত্র দাবি করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো ধারাবাহিকভাবে এ ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ২ মার্চ ‘সারায়া আউলিয়া আল-দাম’ নামের একটি শিয়া মিলিশিয়া গোষ্ঠী দুটি ড্রোন হামলা চালায়। এর মধ্যে একটি প্রতিহত করা হলেও অন্যটি ঘাঁটির ভেতরে আঘাত হানে।

এ গোষ্ঠীটি ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর ছত্রছায়ায় সক্রিয় বলে জানা গেছে।

এদিকে, ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলেও একই দিনে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। সেখানে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ছোড়া ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়।

সব মিলিয়ে, অঞ্চলে উত্তেজনা ও সংঘাতের মাত্রা আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা, তুর্কি টুডে

/এসএ/