শিরোনাম

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি: ফান্স প্রেস

ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়ে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে’ ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। সেই অনুরোধ গ্রহণ করেছে লন্ডন।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চেয়েছে। বর্তমানে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইরানের ছোড়া কয়েকটি হামলা সফলভাবে প্রতিহত করেছে।

স্টারমার আরও বলেন, এই হুমকি পুরোপুরি বন্ধ করার একমাত্র উপায় হলো মিসাইলগুলোকে তাদের উৎসস্থলেই ধ্বংস করা। অর্থাৎ যেসব গুদামে এগুলো সংরক্ষণ করা আছে বা যেসব লঞ্চার থেকে ছোড়া হয়, সেগুলো নিষ্ক্রিয় করে দেওয়া।

তবে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে জড়াবে না। সরকারের উদ্দেশ্য হলো ইরানকে থামানো, যাতে তারা পুরো অঞ্চলে মিসাইল হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু না বানায়।

/এসএ/