শিরোনাম

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ যুদ্ধ চলবে: ইরান

সিটিজেন ডেস্ক
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ যুদ্ধ চলবে: ইরান
ইরানের তেহরানে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে মোজতবা খামেনেইয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে সমাবেশ করেন স্থানীয়রা। ছবি: আরএনজেড

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ়, গর্বিত ও অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।

তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার অবস্থান তুলে ধরতেই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।

এদিকে, সংঘাতের ২৫তম দিনেও ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। পাল্টা হামলায় ইসরায়েলও ইরানের সরকারি স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত হেনেছে বলে জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে পাঁচ দিনের বিরতির ঘোষণা দেন।

এর আগে সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবেই’ এগোচ্ছে। তবে ইরানি কর্মকর্তারা এ দাবি নাকচ করে বলেছেন, যুদ্ধ বন্ধে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি আল-জাজিরাকে জানান, সংশ্লিষ্ট সব পক্ষ সম্মত হলে ইসলামাবাদ আলোচনার আয়োজন করতে প্রস্তুত।

ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে সম্ভাব্য বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আশা প্রকাশ করেছে।

সূত্র: আল-জাজিরা, এএফপি

/এসএ/