শিরোনাম

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৯

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৯
নেপালের ত্রিনেপালে ধাদিং জেলার গাজুরি এলাকায় যাত্রীবাহী একটি বাসে দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নেপালের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) নিচে খাদে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে ধাদিং জেলার বেহিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পর্যটন নগরী পোখরা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল বাসটি। মধ্যরাতের পর প্রিথভি হাইওয়ে থেকে বাসটি খাদে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে নামতে থাকে এবং বেনিঘাটের কাছে ত্রিশুলি নদীর তীরে এসে থামে। বেনিঘাট কাঠমাণ্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে অবস্থিত।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

নিহতদের মধ্যে ২৪ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ধাদিং জেলার পুলিশ অফিস।

আহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন, যিনি কাঠমাণ্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এছাড়া নিউজিল্যান্ডের ২৭ বছর বয়সী এক মহিলা সামান্য আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চীনা সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া চীনা দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, আরেকজন চীনা নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।

সরকারি কর্মকর্তা মোহন প্রসাদ নেউপানে জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের বাসের ধ্বংসাবশেষ থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

পাহাড়ি দেশ নেপালে সড়ক দুর্ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে একই নদীতে ৬৫ যাত্রী বহনকারী দুটি বাস পড়ে যায়, যাদের অধিকাংশ যাত্রী নিহত বা এখনও নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একটি বাসের ধ্বংসাবশেষ এ বছর বালুর মধ্যে গভীরভাবে চাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সূত্র: এপি

/এসএ/