ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়ালো

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়ালো
আরব সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান।

পেন্টাগনের ডেপুটি কম্পট্রোলার আর্থার মিলার কংগ্রেসকে বলেছেন, ১৩ নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক খরচ দাঁড়িয়েছে ৪৮.৩ বিলিয়ন ডলারে। নৌবাহিনীর আর্থিক ব্যবস্থাপনার সহকারী সচিব হিসেবে নিজের মনোনয়ন সংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে তিনি এ হিসাব তুলে ধরেন।

মিলারের দেওয়া তথ্যমতে, এ বিপুল অর্থ ব্যয় হয়েছে মূলত গোলাবারুদ কেনা, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন এবং যুদ্ধ পরিচালনার কাজে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি বা সামরিক স্থাপনাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসাব এ অঙ্কের মধ্যে ধরা হয়নি। এমনকি বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা কিংবা আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার মতো বড় অর্থনৈতিক প্রভাবগুলোও এখানে বিবেচনায় নেওয়া হয়নি।

এর আগে ১ আগস্ট পর্যন্ত এ যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার খরচের একটি অনুমান দিয়েছিল কংগ্রেসনাল বাজেট অফিস। পেন্টাগনের সর্বশেষ হিসাব বলছে, মাত্র কয়েক মাসের ব্যবধানে যুদ্ধের ব্যয় আগের অনুমানের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়ে গেছে।

এদিকে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বজুড়ে তেল ও গ্যাস পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পথটি অস্থির হয়ে ওঠায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যদিকে, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের পাশাপাশি বিমানবাহী রণতরী মোতায়েনসহ মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই বাড়তি তৎপরতাই মূলত যুদ্ধের সামরিক ও আর্থিক বোঝা আরও ভারী করে তুলছে।

সূত্র: এপি

/এমএকে/