২৫ বছরের সবচেয়ে অপছন্দের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প: জরিপ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২৫ বছরের সবচেয়ে অপছন্দের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প: জরিপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত পঁচিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অপছন্দের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন অর্ধেকেরও বেশি মার্কিন নাগরিক। তবে একই সঙ্গে উল্লেখযোগ্য একটি অংশ তাকে নিজেদের শীর্ষ পছন্দের তালিকাতেও রেখেছে। পলিটিকো এবং পিএফ গ্লোবালের যৌথভাবে পরিচালিত এক নতুন জনমত জরিপে মার্কিন ভোটারদের এ মনোভাবের চিত্র উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের গত ২৫ বছরের চার মার্কিন প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশকে পছন্দের ক্রমানুসারে সাজাতে বলা হয়েছিল। ফলাফলে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মার্কিন নাগরিকদের মতামত সবচেয়ে বেশি বিভক্ত। জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ মানুষ ট্রাম্পকে তাদের সবচেয়ে অপছন্দের প্রেসিডেন্ট বলেছেন, বিপরীতে ২৮ শতাংশ মানুষ তাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। সাম্প্রতিক অন্য এক জরিপে ট্রাম্পের প্রতি অসমর্থনের হার ৬৬ শতাংশ দেখা গিয়েছিল।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ জরিপে সবচেয়ে পছন্দের প্রেসিডেন্ট হিসেবে উঠে এসেছেন। ৫১ শতাংশ উত্তরদাতা ওবামাকে তাদের প্রিয় প্রেসিডেন্ট বলেছেন, আর মাত্র ৮ শতাংশ তাকে অপছন্দের তালিকায় রেখেছেন। তথ্য অনুযায়ী, ৫৯ শতাংশ জনসমর্থন নিয়ে হোয়াইট হাউস ছাড়া ওবামা এখনো সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। ডেমোক্র্যাটরাও মধ্যবর্তী নির্বাচনি প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে তার এ জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে। মজার বিষয় হলো, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়া ১৬ শতাংশ ভোটারও ওবামাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন।

জরিপে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়ার হার ছিল সবচেয়ে কম। মাত্র ৫ শতাংশ আমেরিকান তাকে গত ২৫ বছরের প্রিয় প্রেসিডেন্ট বলেছেন, যদিও অর্ধেক উত্তরদাতা তাকে দ্বিতীয় বা তৃতীয় স্থানে রেখেছেন। বাইডেনকে সবচেয়ে অপছন্দের প্রেসিডেন্ট বলেছেন ৩৪ শতাংশ মানুষ, যা ট্রাম্পের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কম। এমনকি ২০২৪ সালে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভোট দেওয়া মাত্র ৬ শতাংশ ভোটার বাইডেনকে প্রথম স্থানে রেখেছেন।

এ ৪ প্রেসিডন্টের মধ্যে সবচেয়ে কম বিতর্কিত অবস্থানে ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মাত্র ১৬ শতাংশ আমেরিকান তাকে প্রথম এবং ৭ শতাংশ তাকে শেষ স্থানে রেখেছেন। প্রায় ৮০ শতাংশ উত্তরদাতাই বুশকে তাদের পছন্দের তালিকায় দ্বিতীয় বা তৃতীয় স্থানে রেখেছেন।

মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, একবিংশ শতাব্দীর বেশিরভাগ সময়জুড়ে ওবামা এবং ট্রাম্প দেশটির রাজনীতির মূল আলোচনায় ছিলেন। তবে ২০২৮ সালের নির্বাচন হতে যাচ্ছে ২০১২ সালের পর প্রথম নির্বাচন যেখানে ব্যালটে ট্রাম্প থাকবেন না, এবং ২০০৪ সালের পর প্রথম নির্বাচন যেখানে ট্রাম্প বা ওবামা কেউই থাকবেন না। এখন পর্যন্ত কোনো দলেই, বিশেষ করে ডেমোক্র্যাটিক শিবিরে সুস্পষ্ট কোনো একক অগ্রগামী প্রার্থী তৈরি না হওয়ায় আগামী নির্বাচনে ভোটারদের সামনে বেছে নেওয়ার জন্য বড় একটি প্রার্থী তালিকা থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, পলিটিকো ও পিএফ গ্লোবালের অনলাইন জরিপটি ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ২ হাজার প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর পরিচালিত হয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/