রাজধানীতে আরও দুই বাসে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে আরও দুই বাসে আগুন
আগুনে পুড়ে যাওয়া বাস

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এবার সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্কিং করে রাখা ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনার পর রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ময়লার মোড় এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে একসঙ্গে প্রায় ১৫-২০টি বাস পার্কিং করা ছিল। নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

/জেএইচ/