শিরোনাম

জোভান ও কেয়া পায়েলের ‌‘সুখের গল্প’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
জোভান ও কেয়া পায়েলের ‌‘সুখের গল্প’
‘সুখের গল্প’ নাটকের দুটি দৃশ্যে ফারহান আহাম্মেদ জোভান ও কেয়া পায়েল।

‎জীবনের গল্পের উপর ভিত্তি করেই নির্মিত হয় নাটক। আর এমনই একটি দম্পতির জীবনের সুখ-দু:খের গল্পের উপর ভিত্তি করে নির্মাতা মজুমদার সিমুল নির্মাণ করেছেন নাটক ‘সুখের গল্প’।

নাটকের মূল চরিত্র সুমন একজন শিক্ষিত ও ভদ্র ছেলে। চাকরির বাজারে তার দৌড় খুব ছোট। সারাদিন কাটে চাকরির ইন্টারভিউ দিয়ে। ভালোবেসে বিয়ে করে ধনীর দুলালী নীলাকে। নীলাও ভালোবেসে বাবার সব ছেড়ে সুমনের হাত ধরে চলে আসে ঢাকায়। সুমন টিউশনি করে যা পায় তা দিয়ে কোনোমতে চলছে তাদের টোনাটুনির সংসার।

অভাব অনটন নিয়ে নীলার কোনো আপত্তি না থাকলেও সুমন সব সময় হীনমন্যতায় ভোগে। সুমন ভাবে, সে কোনোভাবেই নীলাকে সুখে রাখতে পারছে না। অবশ্য নীলা তাকে বলে, সে খুব সুখে আছে। সুমনকে সাহস দিয়ে সে আরও বলে, অভাব চিরদিন থাকে না এবং আর কম টাকাতেও সুখী হওয়া সম্ভব। তবে নীলার যুক্তি মানতে পারে না সুমন। সে ভাবে, সুখী হতে টাকা লাগে।

বিভিন্ন বেশে সুমন কখনো শহরের বিশাল বড়লোক আবার কখনো সাফল্যের চূড়ায় অবস্থান করা নায়িকার কাছে ছুটে যায় সুখের সংজ্ঞা জানতে। সুমন কি জানতে পেরেছে সুখের সংজ্ঞা, সেটা জানতে হলে দেখতে হবে পুরো নাটকটি। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মজুমদার সিমুল। সংলাপ লিখেছেন অর্ক মোস্তফা।

এ নাটকে ফারহান আহাম্মেদ জোভান ও কেয়া পায়েলের পাশাপাশি অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, সমাপ্তি মাসুক, এম এন ইউ রাজু, মানস বন্দ্যোপাধ্যায়, মাহা, নওসিন দিশা, শারমিন শর্মি, আয়রা, জাওয়াদ, তাইফসহ আরও অনেকেই। এছাড়া নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রাজ।

জোভান ও কেয়া পায়েলের _‘সুখের গল্প’ ২
‘সুখের গল্প’ নাটকের একটি দৃশ্যে ফারহান আহাম্মেদ জোভান ও কেয়া পায়েল।

এদিকে, ইতোমধ্যে নাটকটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার করা নাটকটি। এরপর থেকেই ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে সেটি। বিশেষ করে নাটকে থাকা গান ‘একটা সুখের গল্প’ নাটকটিকে আরও সুন্দর এবং উপভোগ্য করে তুলেছে। গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন, গানে কণ্ঠ দিয়েছে মাহাতিম সাকিব ও হুমাইয়া ঈশিকা। আর নাটকটি প্রযোজনা করেছেন তানভির মাহামুদ।

নির্মাতা মজুমদার সিমুল বলেন, আশা করি, এ নাটক নাট্যপ্রেমীদের খুশি করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, মানুষের জীবনে সুখ-দু:খ, অভাব সব থাকবে, তবে এসব নিয়ে হতাশ না হয়ে– যার যা আছে সেটাকেই সুখের উপকরণ বানাতে হবে, যা এই নাটকে তুলে ধরা হয়েছে।

/এফআর/