শিরোনাম

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি
‘কামরাঙ্গা’র সামনে অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ‘কামরাঙ্গা’ নামের ওই বাড়ি থেকে বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তার সহ বাইরে থাকা এসির বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়ের করেন এই অভিনেতা।

এর আগে, গতকাল সোমবার গ্রামের বাড়িতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে থানা পুলিশকে অবগত করেন।

অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে কথা বলে জানা যায়, পুরো পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যেই তিনি ফরিদপুর শহরের বাড়িতে ছুটে আসেন। কামরাঙ্গা নামক এই বাসভবনের চতুর্থদিকে দেয়ালের প্রাচীর রয়েছে এবং ভেতরে একটি দোতলা ভবনসহ বাগানও রয়েছে।

তিনি বলেন, ‘এটি আমার জন্মস্থান, মাঝে মধ্যেই যে কারণে ছুটে আসি। তাতে মাসে দুই-একবার আসা হয়। গত ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুইদিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি আলো জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা এসির বেশ কিছু মালামালও নেই।’

এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা প্রকাশ করে ফজলুর রহমান বাবু বলেন, ‘শুধু আমার বাড়িরই নয়, অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। আমাদের এখানে এমন ছিল না, নিশ্চিন্তে থাকতাম। কিন্তু সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গেছে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। বলা যায়, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’

জানতে চাইলে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ‘অভিনেতা ফজলুর রহমান বাবুর বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় তিনি নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।’

উল্লেখ্য, ফজলুর রহমান বাবু বাংলাদেশের একজন গুণী ও জনপ্রিয় অভিনেতা এবং গায়ক হিসেবে পরিচিত। তিনি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অসাধারণ অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তার ভরাট কণ্ঠে গাওয়া বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া অসাধারণ অভিনয়ের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

/এফআর/