শিরোনাম

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চাপ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এ সময় জোরপূর্বক তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রদান করেন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন দাখিলের দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ বলেন, আদালত থেকে নোবেলসহ ৪ জনের নামে ওয়ারেন্ট জারি করে ডেমরা থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ওয়ারেন্ট তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/জেএইচ/