শিরোনাম

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

বিনোদন ডেস্ক
সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
‘সাঁকোটা দুলছে’ সিনেমার দৃশ্য।

চীনের ঐতিহ্যবাহী সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে নাম লিখিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’। আগামী ১২ থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এ উৎসবের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসব চলাকালীন আগামী ১৫ জুন চীনের সাংহাই শহরে চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গ্রামীণ বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ এবং এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। অন্যদিকে, অভিনেতা মনোজ প্রামাণিকের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্রের ব্যানারে এটি তাদেরও প্রথম প্রযোজনা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মোগাডার ফিল্ম। সম্পূর্ণ সাদা-কালো ক্যানভাসে ধারণকৃত চলচ্চিত্রটিতে নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে এক কাব্যিক চলচ্চিত্রভাষায় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এর গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ সমাজের কুসংস্কার, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের শিকার তিন নারীকে কেন্দ্র করে, যারা সব বাধা পেরিয়ে মুক্তির স্বপ্ন দেখে। জীবনের নানা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক বাঁক পেরিয়ে শেষ পর্যন্ত এক অন্ধ তরুণী তার স্বপ্নের পথে যাত্রা অব্যাহত রাখে এবং মুখোমুখি হয় এক রহস্যময় হাতির।

আন্তর্জাতিক এ অর্জন প্রসঙ্গে নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ বলেন, গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে দেখা কুসংস্কার, রক্ষণশীলতা ও সামাজিক বিধিনিষেধই চলচ্চিত্রের মূল অনুপ্রেরণা। সাংহাই চলচ্চিত্র উৎসবের এ নির্বাচন পুরো টিমের জন্য যেমন সম্মানের, তেমনি আন্তর্জাতিক মঞ্চে সাধারণ মানুষের জীবনের এক বড় স্বীকৃতি।

অন্যদিকে প্রযোজক মনোজ প্রামাণিক জানান, সীমিত অর্থ ও একদল স্বপ্নবাজ তরুণকে নিয়ে শুরু হওয়া এ যাত্রা সফল হয়েছে। এই প্রাপ্তি তাদের বহু বছরের পরিশ্রম, ত্যাগ ও স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারেরই ফসল। ৮০ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমায় অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদারসহ আরও অনেকে। বিশ্ব প্রিমিয়ার শেষে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি দেশের দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে বলে নির্মাতারা আশাবাদ ব্যক্ত করেছেন।

/এমএকে/