শিরোনাম

ভোট দেওয়ার পরই অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
ভোট দেওয়ার পরই অভিনেতার মৃত্যু
অভিনেতা তিনু করিম। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোট দিয়ে বাড়িতে ফেরার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

জানা গেছে, সকালে ভোট দিয়ে বাড়িতে ফেরার কিছু সময় পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই তিনি ইন্তেকাল করেন।

এর আগে গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনু করিম। ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফিরে যান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই... তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করব ভাবলাম, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’

স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন এই অভিনেতা।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন তিনি। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ‘রাত জাগা ফুল’ ও ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।

/জেএইচ/