শিরোনাম

ভিলেন হতে চান পূর্ণিমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ভিলেন হতে চান পূর্ণিমা
দিলারা হানিফ পূর্ণিমা

অল্প বয়সেই বিনোদন জগতে পা রাখেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এর মধ্যে নিজেকে রোমান্টিক নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নাচ আর অসাধারণ অভিনয়ে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তবে পরিচিত গণ্ডি পেরিয়ে ভিন্ন চরিত্রে ধরা দেওয়ার ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা।

সম্প্রতি অভিনয়জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তিনি জানান, দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে কখনো নেগেটিভ চরিত্রে কাজ করার সুযোগ পাননি। তাই ভবিষ্যতে এমন একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে চান, যা মানুষের কাছে তাকে নতুনভাবে তুলে ধরবে।

পূর্ণিমার ভাষায়, ‘আমাকে সবাই পরিপাটি ইমেজে দেখে অভ্যস্ত। কিন্তু এখন আমাকে এর বিপরীতে দেখলে খুব ভালো হয়। আমার খুব ইচ্ছা নেগেটিভ চরিত্র, ভিলেন টাইপের চরিত্রে কাজ করার।’

নায়িকার চাওয়া শুধু এটুকুতে সীমাবদ্ধ নেই। পূর্ণিমা বলেন, ‘এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেন সিনেমা দেখে ওই চরিত্রের প্রতি মানুষের ঘৃণা হয়। আমাকে নিয়ে এ ধরনের চরিত্র কেউ চিন্তাও করেনি আজ পর্যন্ত।’

১৯৯৮ সালে মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে হাতেখড়ি পূর্ণিমার। ওই বছরের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ‘যোদ্ধা’, ‘সন্তান যখন শত্রু’, ‘সুলতান’, ‘পিতা-মাতার আমানত’, ‘হৃদয়ের কথা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘মনের মাঝে তুমি’সহ অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রের জন্য পূর্ণিমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

জনপ্রিয় এই অভিনেত্রীকে এখন আর আগের মতো ব্যস্ত দেখা যায় না। তবে বিনোদন অঙ্গন থেকে একেবারে নিজেকে দূরে সরিয়ে নেননি। তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন চলচ্চিত্রের প্রস্তাবও পাচ্ছেন। তবে নিজের পছন্দের গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

/জেএইচ/