শিরোনাম

শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা ও ঢালিউড সুপারষ্টার শাকিব খান

দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় এত দিন অভিনয়ে ফেরার বিষয়ে তেমন আগ্রহ দেখাননি তিনি। তবে এবার সহকর্মী ও ঢালিউড সুপারষ্টার শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় ফেরার আশ্বাস দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। দুই তারকার আলাপচারিতার এক পর্যায়ে ববিতাকে আবারও চলচ্চিত্রে ফেরার অনুরোধ জানান তিনি।

ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব বলেন, ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরো কাজ করতে চাই।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেন, আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম ।তোমার সঙ্গে ছবি করব।

উল্লেখ্য, বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ববিতা ও শাকিব খান। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গল্প ও চরিত্র যদি ববিতার প্রত্যাশা পূরণ হয় , তাহলে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় শাকিবের সঙ্গে দেখা যেতে পারে এই কিংবদন্তি অভিনেত্রীকে।

/এসবি/