১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, কোথায় কবে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, কোথায় কবে
ভর্তি পরীক্ষার্থী

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ভর্তি কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আবেদন ও পরীক্ষা পেছানোর অনুরোধের পর কয়েকটি বিশ্ববিদ্যালয় সময়সূচিতে পরিবর্তন এনেছে। আবার কিছু বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিচে তুলে ধরা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউজিসির অনুরোধ সত্ত্বেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি 'বি' ইউনিট, ১৩ ফেব্রুয়ারি 'সি' ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের সময় ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ দেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি 'এ', ৮ জানুয়ারি 'ই', ১৫ জানুয়ারি 'বি', ২২ জানুয়ারি 'সি' এবং ২৩ জানুয়ারি 'ডি' ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি 'সি', ৩০ জানুয়ারি 'এ', ৫ ফেব্রুয়ারি 'বি' এবং ৬ ফেব্রুয়ারি 'ডি' ইউনিটের পরীক্ষা হবে।

এ ছাড়া 'বি-১' ও 'বি-২' উপ-ইউনিটের পরীক্ষা ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং 'ডি-১' উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদন চলবে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় যোগ্যতা অর্জনকারীরাও আবেদনের সুযোগ পাবেন।

মেডিকেল ও ডেন্টাল কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ পরীক্ষার ভর্তি নীতিমালা শিগগিরই প্রকাশ করা হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি আবেদন শুরু হবে ২১ নভেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৬ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও ভর্তির যোগ্যতার শর্ত অপরিবর্তিত থাকবে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকবে না।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। ১০ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার ভর্তির যোগ্যতার কিছু শর্তও শিথিল করা হয়েছে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ৫ ফেব্রুয়ারি 'সি' ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি 'এ' ও 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি পরীক্ষা নেওয়ার কথা ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এইউবি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩০ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে। আগে ৫ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষাও নতুন করে নির্ধারণ করা হয়েছে। আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে এখনো কোনো পরিবর্তন আসেনি। আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আপাতত আগের সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

/এমআর/