শিরোনাম

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া

বিনোদন ডেস্ক
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া
জয়া আহসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। এখন বেশিরভাগ সময় ভারতেই কাটে তার, তবে সিনেমার প্রয়োজনে। ঢালিউডের পাশাপাশি সমানতালে টালিউডেও অভিনয় করে যাচ্ছেন তিনি। তার পুরস্কারও পাচ্ছেন। কলকাতার জি২৪ ঘণ্টা আয়োজন করা ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অসাধারণ অভিনয়ের কারণে এই স্বীকৃতি অর্জন করেছেন জয়া আহসান। অভিনেত্রী নিজেই ভক্তদের মাঝে শেয়ার করেছেন পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা।

এক পোস্টে জয়া আহসান জানান, পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি গর্বিত। জি২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ মঞ্চে এই সম্মান পাওয়া সত্যিই আনন্দের ও আবেগের।

জয়ার এই সাফল্যে তার ভক্তদের মধ্যে প্রশংসা ও অভিনন্দনের ঢেউ বইছে। কলকাতার অনেক অভিনেতা, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে। এর প্রায় ৯০ বছর পর এটি বড় পর্দায় রূপ পেয়েছে। ছবিটি গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

চলচ্চিত্রে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি এবং অনন্যা চ্যাটার্জি।

/জেএইচ/