শিরোনাম

মাথায় হেলমেট পরে ক্লাসে দুই শিক্ষার্থী

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
মাথায় হেলমেট পরে ক্লাসে দুই শিক্ষার্থী
নিরাপত্তাহীনতার প্রতীকী প্রতিবাদে হেলমেট পরে ক্লাসে দুই শিক্ষার্থী। ছবি: সিটিজেন জার্নাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার এক দিন পর নিরাপত্তাহীনতার প্রতীকী প্রতিবাদ হিসেবে হেলমেট পরে ক্লাসে উপস্থিত হয়েছেন দুই শিক্ষার্থী।

গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাঈম ও মাহমুদুল হাসান বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মোটরসাইকেলের হেলমেট পরে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তাদের এই ব্যতিক্রমী উপস্থিতি ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছে।

সকালে গণিত বিভাগের বিভিন্ন ক্লাসে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলের হেলমেট পরে ক্লাসে অংশ নেন।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ভবনই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা ধসে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার চেষ্টা করছেন। এটি মূলত নিরাপত্তাহীনতার বিরুদ্ধে একধরনের প্রতীকী প্রতিবাদ।

গণিত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, ক্লাসে বসে থাকতেও এখন ভয় লাগে। কখন ছাদ থেকে মাথায় কী পড়ে, সেই দুশ্চিন্তা সবসময় কাজ করে। তাই হেলমেট পরে ক্লাস করছি, এটা এক ধরনের প্রতিবাদও।

আরেক শিক্ষার্থী বলেন, এভাবে পড়াশোনা করা সম্ভব না। আমরা নিরাপদ পরিবেশ চাই। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে, বুধবারের (১ এপ্রিল) ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরছে না। তারা বলছেন, দৃশ্যমান ও দ্রুত পদক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটওয়ারী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলোর অনুসন্ধান চলছে। দ্রুতই আমরা প্রতিবেদন প্রকাশ করবো।

/এসবি/ এসআর/