শিরোনাম

পিসিবি পাকিস্তানকে হাসির পাত্র বানিয়েছে: নাসের হুসেইন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পিসিবি পাকিস্তানকে হাসির পাত্র বানিয়েছে: নাসের হুসেইন
নাসের হুসেইন

পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কঠিন পরিস্থিতিকে হাসির পাত্রে পরিণত করেছে।

হেডিংলি আর লর্ডসে প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারে পাকিস্তান। এরপর পিসিবি ৭ ক্রিকেটার আর ২ কোচকে দেশে পাঠায়। টেস্ট কোচ সরফরাজ আহমেদের জায়গায় তৃতীয় ও শেষ টেস্টের জন্য দায়িত্ব দেওয়া হয় মাইক হেসনকে। তৃতীয় টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, বার্মিংহামে।

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে হুসেইন বলেন, ‘হেডিংলির পর বিশ্ব পাকিস্তানকে নিয়ে হাসাহাসি করছিল বলে আমার মনে হয় না। লর্ডসে আমার হতাশা ছিল তাদের লড়াই করার মানসিকতার অভাব নিয়ে। এটা তাদের নিয়ে ঠাট্টা করার জন্য নয়, বরং এটা বলার জন্য যে একটি মহান ক্রিকেট দেশ ভুল পথে এগোচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এখন যা ঘটেছে, তাতে তারা নিজেদের হাসির পাত্র বানিয়ে ফেলেছে। তারা পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে।’

ক্যামেরায় দেখা যায়, লর্ডসে খেলা শুরুর আগে নেটে ব্যাট করছিলেন ইমাম-উল-হক, যদিও তার তখন কাফ মাসলে টান ছিল। হুসেইন বলেন, ‘হাই পারফরম্যান্স পরিচালক টিভিতে গিয়ে নিজের খেলোয়াড়কেই এভাবে হেয় করতে পারেন, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। হয় তিনি চোটে আছেন, নয়তো নেই।’

/টিই/