শিরোনাম

কমিটির হাতে শিক্ষক নিয়োগের প্রস্তাবে শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কমিটির হাতে শিক্ষক নিয়োগের প্রস্তাবে শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ
শিক্ষা অধিকার সংসদের লগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা অধিকার সংসদ। সংগঠনটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের ঝুঁকি বাড়াবে এবং মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।

একই সঙ্গে এক বিবৃতিতে সরকারের প্রতি এ সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

বিবৃতিতে বলা হয়, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পেশাগত দক্ষতা ও জবাবদিহিতা পর্যাপ্ত নয়। অনেক ক্ষেত্রে এসব কমিটি স্থানীয় রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থের প্রভাবে পরিচালিত হয়। ফলে তাদের হাতে নিয়োগের ক্ষমতা দিলে অযোগ্য বা কম যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের আশঙ্কা তৈরি হবে।

তবে শিক্ষা অধিকার সংসদ বলেছে, তারা এনটিআরসিএর বর্তমান ব্যবস্থারও সমর্থন করছে না।

সংগঠনটির দাবি, দীর্ঘসূত্রতা, অস্বচ্ছতা ও প্রশাসনিক দুর্বলতা দূর করে এনটিআরসিএকে একটি স্বাধীন, স্বচ্ছ, পেশাদার ও জবাবদিহিমূলক জাতীয় শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

এ লক্ষ্যে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ। দাবিগুলো হলো–

১. এসএমসির হাতে নিয়োগ ক্ষমতা দেওয়ার প্রস্তাব প্রত্যাহার,

২. এনটিআরসিএর কাঠামোগত সংস্কারে স্বাধীন কমিশন গঠন,

৩. নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ ডিজিটালাইজেশন,

৪. মেধাতালিকাসহ সব তথ্য প্রকাশ,

৫. স্বাধীন তদারকি ব্যবস্থা চালু এবং

৬. নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ সম্পন্ন ও কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত করা।

/এফআর/