শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে নাকি অনলাইনে ক্লাস, সিদ্ধান্ত হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানে  সশরীরে নাকি অনলাইনে ক্লাস, সিদ্ধান্ত হতে পারে আজ
অনলাইনে ক্লাস করাচ্ছেন একজন শিক্ষিকা। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে এ প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ৬ দিনের মধ্যে তিন দিন অনলাইন এবং ৩ দিন সশরীর ক্লাস করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এক দিন অনলাইনে ক্লাস হবে, পরদিন সশরীর ক্লাস হবে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা প্রতিষ্ঠানে সশরীর উপস্থিত থেকে পাঠদান করবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ কোভিড সংক্রমণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রায় দেড় বছর বন্ধ থাকার সময় বিকল্প হিসেবে অনলাইন ও টেলিভিশনে ক্লাস চালু করা হয়। তবে বিভিন্ন গবেষণায় অনলাইন ও টেলিভিশনে পাঠদানের কার্যকারিতা সীমিত বলে উঠে আসে।

/এসবি