শিরোনাম

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
শিক্ষার্থী ও অভিভাবক

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করার কথা থাকলেও সেটা পিছিয়ে যাচ্ছে। বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এখনও চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়নি৷ তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। তবে এই মাসের মধ্যেই ফল প্রকাশ করার বিষয়ে আশাবাদী বলে জানান আক্তারুজ্জামান।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। চলতি বছর ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

/জেএইচ/