শিরোনাম

রেমিট্যান্সে নতুন মাইলফলক যেসব কারণে

নিজস্ব প্রতিবেদক
রেমিট্যান্সে নতুন মাইলফলক যেসব কারণে
প্রতীকী ছবি

মার্চ মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে। এই মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৭৫ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা স্বাধীনতার পর দেশের ইতিহাসে কোনো একক মাসে সর্বোচ্চ।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে এর আগে সর্বোচ্চ রেসিট্যান্স গত বছরের মার্চে আসে । তখন প্রবাসীরা ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন। সে তুলনায় এবারের মার্চে রেমিট্যান্স ১৪ শতাংশ বেশি এসেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মূলত দুই কারণে গত মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এর মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এবং অপরটি হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেওয়ায় এবং প্রিয়জনদের ঈদ উদযাপনের জন্য বাংলাদেশের প্রবাসী নাগরিকেরা বেশি করে অর্থ পাঠিয়েছেন। এতে দেশে কোনো মাসে রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড পেছনে ফেলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় প্রবাসী আয় হিসেবে পাঠানো মার্কিন ডলারের দাম বেশি পাওয়া যাচ্ছে। কারণ, এই অস্থিতিশীল পরিস্থিতিতে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পেয়েছে।

রেমিট্যান্স নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, তেলসমৃদ্ধ ছয়টি উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, বাহরাইন ও কুয়েত থেকেই মোট রেমিট্যান্সের অর্ধেক এসেছে।

/বিবি/