শিরোনাম

জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ছে: প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত এই টার্মিনালের মাধ্যমে ডিসেম্বর ২০২৮ সালের মধ্যে এলএনজি সরবরাহ করা সম্ভব হবে।

তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী ২ বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি বাড়বে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে । দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো স্থাপন করা হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে গ্যাসের সংকটও অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির কারণে ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে বলে যারা প্রচার করেছিলো তারা পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন। তারা যে রিপোর্টটির রেফারেন্স দিয়েছিলেন তা ২০২২ সালের।

/এসবি/