শিরোনাম

গোপনে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গোপনে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়া গোপনে ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে। বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস।

এতে বলা হয়, সি৪৩০এল সাংকেতিক নামের এই কর্মসূচিটি ২০২৩ সালে শুরু হয়েছিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে রাশিয়ার নথি, ট্রাভেল রেকর্ড এবং সামরিক পেটেন্ট-এর ভিত্তিতে তদন্ত করতে গিয়ে তারা এ তথ্য পেয়েছে।

ইরানকে সহায়তার এ পোগ্রামকে রাশিয়ার থেকে ইরানের কাছে সামরিক প্রযুক্তি হস্তান্তরের অন্যতম প্রকাশ্য ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করা হয়েছে। ইরান যে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করছে এতে রাশিয়ার কিছু কর্মকর্তাও সরাসরি যুক্ত আছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এই মিসাইল তৈরিতে রেমজ্যাট ইঞ্জিন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যার ফলে একটি ক্রুজ মিসাইল শব্দের চেয়ে কয়েকগুণ বেশি বেগে লক্ষ্যবস্তুর দিকে যেতে পারবে।

ইরান ইতিমধ্যেই এ প্রযুক্তির মিসাইল তৈরি ও পরীক্ষা করেছে। তবে যুদ্ধে এখন পর্যন্ত এর ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক অস্ত্র শনাক্তকরণ সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ-এর একজন ইরানি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ বিশ্লেষক ফ্যাবিয়ান হিনজ বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক প্রযুক্তি। ইরান কয়েক দশক ধরে রাশিয়ার কাছে এটা চাইছে। এটি পাওয়ার ক্ষেত্রে রাশিয়ার রাজনৈতিক অঙ্গনের উঁচুস্তর থেকে অনুমোদন আসতে হয়েছে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

/জেএইচ/