শিরোনাম

আবারও কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
আবারও কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায় পৌঁছেছে। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সোনার দাম কমিয়ে ২ লাখ ৫৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বজুস জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৭৭ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এদিকে, বিশ্ব বাজারে সোনার দাম নিম্নমুখী রয়েছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৩৫ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৯৫৮ ডলার।

এর আগে, ৩০ জানুয়ারি সোনার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

এদিকে গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম কখনোই এতটা বাড়ানো হয়নি।

/জেএইচ/