শিরোনাম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

সিটিজেন ডেস্ক
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম
মো. খুরশীদ আলম. ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। রবিবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে জুবায়দুর রহমান পদত্যাগ করার পরপরই খুরশীদ আলমকে এ দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে নিয়োগের বিষয়টি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এদিকে ব্যাংকটিতে তীব্র উত্তেজনার মধ্যে গ্রাহকদের আন্দোলনের মুখে পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা পণ্ড হয়ে গেছে এবং বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারি ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে ওই বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনিসহ ৪ শীর্ষ কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে পদ হারানো সেই খুরশীদ আলমকেই এবার ইসলামী ব্যাংকের শীর্ষ পদে ফিরিয়ে আনল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছরের ২৩ জুলাই তৎকালীন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিদায়ের পর অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

অন্য দিকে রবিবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ ও আন্দোলনের মুখে ব্যাংকের পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভাটি স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের ধারণা ছিল, এ পর্ষদ সভাতেই ব্যাংকটির এমডি ওমর ফারুক খান পদত্যাগ করবেন। গত এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল, যা আগামী ৩১ মে শেষ হওয়ার কথা ছিল। তিনি আজ প্রধান কার্যালয়ে এসে পৌঁছালে আন্দোলনকারীদের তীব্র বাধার মুখে ব্যাংকে প্রবেশ করতে পারেননি। তবে ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভেতরে ঢুকতে না পারলেও তিনি ইতোমধ্যে চেয়ারম্যান বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

/এমএকে/