আবারও সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আবারও সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আদালতে এই আবেদন জমা দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাঈদ খোকনের উপস্থিতিতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ।

এর আগে, গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালেব নিহত হয়। ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাঈদ খোকনসহ ১৭৬ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।

ডিবি সূত্র জানায়, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ৩০টির মতো মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ২১টি। এ ছাড়াও অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

/এসবি/