সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে আগুন

গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে জড়ো হয়। পরে তারা জিয়াউল আহসানের বাসভবনে প্রবেশ করে ভবনটির জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ভবনটির অন্য অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। বর্তামনে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

/এসবি/