নগদের সাবেক প্রশাসক মোতাসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নগদের সাবেক প্রশাসক মোতাসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মো. মোতাসিম বিল্লাহ। ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেডের’ সাবেক প্রশাসক মো. মোতাসিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, মো. মোতাসিম বিল্লাহর বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট মোতাসিম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মোতাসিম বিল্লাহর বিদেশ গমন রহিত করার আবেদন জানায় দুদক। একইসঙ্গে আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদনও করা হয়।

সোমবার দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।

/জেএইচ/