শিরোনাম

মুসাব্বির হত্যায় একজনের জবানবন্দি, তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
মুসাব্বির হত্যায় একজনের জবানবন্দি, তিনজন রিমান্ডে
আজিজুর রহমান মুসাব্বির (ছবি: সংগৃহীত)

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো চারজনের একজন আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) পৃথক আদালতে আসামিদের হাজির করা হয়। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন। শুটার জিন্নাত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রিমান্ডে দেওয়া আসামিরা হলেন, মো. বিল্লাল, মো. আব্দুল কাদির ও মো. রিয়াজ। আদালতে রিমান্ড আবেদন শুনানিতে তাদের পক্ষে কোন আইনজীবী ছিলো না। নিজেদের নির্দোষ দাবি করেন তারা।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন।

৮ জানুয়ারি নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলাটি করেন।

এজাহারের বিবরনে জানা যায়, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

/টিই/