শিরোনাম

ইকরার আত্মহত্যা: আলভীসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদনের নির্দেশ

সিটিজেন ডেস্ক
ইকরার আত্মহত্যা: আলভীসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদনের নির্দেশ
অভিনেতা জাহের আলভী। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা জাহের আলভীসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে এ মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রবিবার (১ মার্চ) বিকালে মামলার এজাহার আদালতে আসে।আদালত তা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অপর দুই আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথি, যাকে মামলায় ‘প্রেমিকা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার মৃত্যুর ঘটনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই তার ভাগনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

/এসএ/