শিরোনাম

জামিন পেলেন সাবেক এমপি বদি

নিজস্ব প্রতিবেদক
জামিন পেলেন সাবেক এমপি বদি
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আবদুর রহমান বদি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুর রহমান বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি পরপর দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে। জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। এছাড়া বহুল আলোচিত কাউন্সিলর একরাম হত্যা মামলাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে, যেখানে বদির নাম সংশ্লিষ্ট রয়েছে।

/জেএইচ/