শিরোনাম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

নিজস্ব প্রতিবেদক
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন
আদালত চত্বরে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর ৮ বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মামলা নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত।

এদিন সকাল ৮টায় মামলার মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ১১টা ২৪ মিনিটে আসামি সোহেল রানাকে এজলাসে তোলা হয়। শুনানির আগে আসামি স্বপ্না আক্তার অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ১১টা ৩৮ মিনিটে স্বপ্নাকে এজলাসে নেওয়া হয়। পরবর্তীতে দুপুর পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে যুক্তি উপস্থাপন শুনানি শুরু হয়।

শুনানিতে রাষ্ট্র পক্ষে এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ শুনানি করেন।

এর আগে, গত ১ জুন আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৭ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেয় আদালত। আর গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেরদের নির্দোষ দাবি করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন।

পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন। পরে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

অভিযোগপত্রে বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।