শিরোনাম

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আক্তারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আক্তারুজ্জামান
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আক্তারুজ্জামান

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আক্তারুজ্জামানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬ আগস্ট তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার ১০ আগস্ট দিন ধার্য করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় সদস্য অবৈধ মিছিল করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন স্লোগান দিয়ে সরাসরি মিছিল করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

/এসবি/