শিরোনাম

কথা-কাটাকাটি থেকে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ১৫

সিলেট সংবাবদাতা
কথা-কাটাকাটি থেকে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ১৫
সংঘর্ষের প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

সিলেটে দুই কিশোরের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে পাঁচ গ্রামের মানুষ জড়িয়ে পড়েন। এর মধ্যে এক পক্ষে ছিল দুই গ্রামের লোকজন এবং অপর পক্ষে তিন গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় এ সংঘর্ষ ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়। সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরের জালালাবাদ থানার পুলিশ জানায়, জালালাবাদ থানার আওতাধীন তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সূচনা হয়। পরবর্তীতে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁওয়ের লোকজন এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের বাসিন্দারা সংঘর্ষে যুক্ত হন।

সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে, যার ফলে ওই সময় সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সড়কে যান চলাচলও পুনরায় স্বাভাবিক হয়। এদিকে পুলিশ আহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুরুতে কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক সংঘর্ষ হিসেবে উল্লেখ করলেও এখন পর্যন্ত সে ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি জানান, ঝগড়ার মূল কারণ অনুসন্ধান করা হচ্ছে। মূলত দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়, পরে সেখানে জড়িয়ে পড়ে আরও তিন গ্রাম।

/জেএইচ/