শিরোনাম

সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করেছে বিজিবি। বিজিবির এই দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল সোমবার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানায়, ওই ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তবে, স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বাহিনীর সদস্যরা দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

/এফআর/